Web Analytics

পুঁজিবাজারে নতুন ও যোগ্য কোম্পানিকে তালিকাভুক্ত করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-সংক্রান্ত নীতিমালা সহজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। সংগঠনটি বলেছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনা সহজ করতে বিদ্যমান নিয়ন্ত্রক শর্তগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, সংশোধন এবং ক্ষেত্রবিশেষে শিথিল করা দরকার। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণ, তালিকাভুক্ত কোম্পানিসংশ্লিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক বিষয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিএপিএলসির মতে, নতুন ও যোগ্য কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আনতে নীতিগত ও নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংগঠনটি বলেছে, এ ধরনের উদ্যোগ সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হতে পারে। আলোচনায় আরও সহায়ক, স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।