মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেন, তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিএনপির সংস্কার ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ভিশন-২০৩০, ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাবসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব দিয়েছে। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কার বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি দৃঢ় অবস্থান নিয়েছে।
মাহদী আমিন জানান, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি নির্বাচনি কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এতে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। এছাড়া ১৬টি সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক অনুমোদনের বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক তালিকা যাচাই ও সীমিত করার আহ্বান জানান।
তিনি আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।