সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। বিজিবি সদর দপ্তর থেকে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র্যাব-৯-এর সমন্বয়ে গঠিত টিমটি বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় বিশেষ তল্লাশি চালায়। সেখানে তল্লাশির সময় অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত দ্রব্যগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
বিজিবি জানিয়েছে, সীমান্তে কঠোর নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনার ফলেই এ ধরনের অবৈধ চালান উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।