মৌসুমি বায়ুর সক্রিয়তায় বৃহস্পতিবার ভোর থেকে ঢাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সারা দেশেও কমবেশি বৃষ্টি হয়েছে। সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১০ আগস্ট মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমে ৯ আগস্ট পর্যন্ত বিরতি থাকতে পারে; এরপর ১০-১১ আগস্ট থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও ভারি বর্ষণ হতে পারে। সকাল ৯টা পর্যন্ত তিস্তার তারাপুর ও কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্ট বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের ৮৮টিতে পানি বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।