বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে গুরুত্ব দেওয়াকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় শিল্প সুরক্ষা, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস এবং নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহমূলক পদক্ষেপ প্রাইমারি টেক্সটাইল খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
বিটিএমএর মতে, তাদের বেশ কয়েকটি প্রস্তাব বাজেটে আংশিকভাবে প্রতিফলিত হয়েছে। এর মধ্যে রয়েছে রপ্তানি নগদ সহায়তার ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো, রিসাইকেলড পণ্য ও কাঁচামালের করহার কমানো, তুলা সরবরাহে উৎসে কর হ্রাস, সৌরবিদ্যুৎ উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি এবং বর্জ্য শোধনাগার পরিচালনায় ব্যবহৃত রাসায়নিক আমদানিতে সুবিধা বহাল রাখা। মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন ও বন্ধ মিল পুনরায় চালুর উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।
তবে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ মূল্য সংযোজনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে বিটিএমএ। তারা আশঙ্কা করছে, এতে অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে এবং দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। উচ্চ জ্বালানি ব্যয়, গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা ও ঋণের উচ্চ সুদহার মোকাবিলায় করপোরেট কর ১৫ শতাংশ নির্ধারণসহ বিনিয়োগবান্ধব নীতিগত সহায়তা চেয়েছে সংগঠনটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।