বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দুই সহ-সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন মিয়া বাবুল ও মো. মিঠু। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৯ মে মাছবাহী একটি গাড়ি আটকে চাঁদা দাবি ও পরবর্তীতে আরেকটি গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ ওঠে। একাধিক নেতার সম্পৃক্ততার অভিযোগ থাকলেও কেবল দুইজনকে বহিষ্কার করায় সমালোচনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।