জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি রোববার বিএমএ মিলনায়তনে ঘোষণা করা হয়েছে। পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ কমিটি ঘোষণা করেন। এর আগে গত ৮ অক্টোবর ন্যাশনাল ওলামা সামিটের মাধ্যমে সভাপতি হিসেবে সাঈদ এবং সেক্রেটারি হিসেবে মুফতি রেজাউল করীম আবরারসহ প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তাঁর দাবি, মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা মাদ্রাসা ও উলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে কম। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে।
সাঈদের ভাষ্য অনুযায়ী, এসব মামলায় উলামা ও মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত মানুষের সংখ্যা খুবই নগণ্য। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে অপরাধ দমনে উলামায়ে কেরামের ব্যাপক ভূমিকা দেখা যাবে। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উলামায়ে কেরামকে গণহারে দোষারোপকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলেন। তিনি উলামাদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক ও ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।