প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, সরকার পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম তরুণের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে তিনি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিমন্ত্রী জানান, বিদেশগমনেচ্ছু ১০ লাখ শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না।
চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান নূর। সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করতে সাইবার আইন শিগগির সংশোধনের কথা তিনি বলেন। মাদকের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষসহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।