হিমালয়ের বিতর্কিত লিপুলেখ গিরিপথ দিয়ে তীর্থযাত্রা পুনরায় চালুর ভারতের ঘোষণায় নেপাল আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, চীন, ভারত ও নেপাল সীমান্তবর্তী এই গিরিপথ দিয়ে চলতি বছর তিব্বতের কৈলাশ মানসরোবর তীর্থযাত্রা আবার শুরু হবে। ২০২০ সালে করোনা মহামারির কারণে এ পথ বন্ধ ছিল।
রবিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১৮১৬ সালের সুগলি চুক্তি অনুযায়ী লিপুলেখ, লিমপিয়াধুরা ও কালাপানি অঞ্চল নেপালের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। কাঠমান্ডু ভারতের ঘোষণাকে নেপালের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র আপত্তি জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৫৪ সাল থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীরা এই পথ ব্যবহার করে তীর্থযাত্রা করে আসছেন এবং নেপালের দাবি ভিত্তিহীন ও ঐতিহাসিকভাবে অযৌক্তিক। ভারতের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর উত্তরাখণ্ড হয়ে ৫০০ হিন্দু তীর্থযাত্রী তিব্বতে যাবেন, অন্যরা সিকিম হয়ে যাবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।