হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। জাহাজ চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, গত ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। শনিবার প্রণালি পেরিয়েছে মাত্র দুটি জাহাজ, আর রোববার সংখ্যাটি বেড়ে ছয়টিতে দাঁড়ায়। এসব জাহাজের বেশির ভাগই ইরান নিয়ন্ত্রিত রুট ব্যবহার করেছে।
কেপলারের তথ্য অনুযায়ী, রোববার একটি বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি এবং তিনটি বাল্ক ক্যারিয়ার হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে বুধবারের পর থেকে কোনো ভিএলসিসি প্রণালি দিয়ে বের হয়নি। এলএসইজির তথ্য বলছে, সৌদি আরবের একটি বন্দর থেকে পরিশোধিত জ্বালানি নিয়ে রোববার একটি ট্যাংকার পারস্য উপসাগর থেকে প্রণালি হয়ে বের হওয়ার চেষ্টা করলেও পরে সেটি ফিরে যায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের ট্যাংকারে নতুন করে হামলার ঘটনায় সমুদ্রপথে উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সির তথ্য অনুযায়ী, ৬ জুলাই থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এমন ২৭টি প্রক্ষেপণাস্ত্র বা গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।