দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেয়া হবে এবং এ সংক্রান্ত কমিটিতে সংসদ সদস্যরা উপদেষ্টা হিসেবে থাকবেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জে একফসলি বোরো জমি প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তাই টেকসই বাঁধ নির্মাণে গবেষণা প্রয়োজন। তিনি আরও জানান, ডুবন্ত ধান কাটার উপায় ও ভেজা ধান শুকানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। যেসব কৃষকের ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে, তাদের তিন মাসের আর্থিক সহায়তা দেয়া হবে। জুন পর্যন্ত বাজেট থাকলেও প্রয়োজনে সময় বাড়ানো হবে।
বজ্রপাতজনিত প্রাণহানি ও গবাদি পশুর ক্ষতি রোধে হাওরে বজ্রনিরোধক শেড ঘর নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেন মন্ত্রী। সভা শেষে বিশ্বম্ভরপুর উপজেলার ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।