ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের র্যাঞ্চো পালোস ভার্দেসে ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৩৮ বছর বয়সী জিনিন জন টায়েলেকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত রোববার বিকেলে গোপনে আগ্নেয়াস্ত্র বহন ও নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়। ওই গলফ কোর্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।
লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় জানায়, টায়েলেকে কোর্সের বিভিন্ন স্থানে ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে। রোববার দুপুরের পর সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা এক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরে পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগেও টায়েলেকে খোঁজা হচ্ছিল। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল গুলি এবং উদ্বেগজনক বক্তব্যসংবলিত নোটবই পাওয়া যায়। তদন্ত চলছে এবং আরও অভিযোগ আনা হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।