স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা চলছে। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ইসলাম সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলেও অন্য সব ধর্মের মানুষকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি জানান, সামনে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই প্রার্থীদের নির্বাচিত হতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার ইতিমধ্যে ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনার কাজ শুরু করেছে। কৃষক কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি সাধারণ মানুষের উপকারে আসবে এবং তৃণমূল জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচিত প্রতিনিধিদের অন্যায় প্রমাণিত না হওয়া পর্যন্ত বরখাস্ত না করার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।