ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযানে হামলা চালানোর দাবি করেছে। এক বিবৃতিতে তারা নৌযানটিকে ‘সেইল ড্রোন’ হিসেবে চিহ্নিত করে এর হাল নম্বর ৫৮৩৮ উল্লেখ করেছে। তবে হামলাটি কখন ঘটেছে, কী অস্ত্র ব্যবহার করা হয়েছে বা নৌযানটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এলাকাটি তাদের ‘গোয়েন্দা নজরদারি ও স্মার্ট নিয়ন্ত্রণের’ আওতায় আছে। তারা সতর্ক করে জানিয়েছে, যেকোনো বৈরী তৎপরতাকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের এ দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালি ও ওমান উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক উত্তেজনা বাড়ার মধ্যে এই দাবি সামনে এলো।
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস কেন্দ্র বৃহস্পতিবার জানায়, ওমানের উপকূলের কাছে দুটি জাহাজে চারটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে একটি জাহাজে আগুন ধরে যায়। ইউকেএমটিও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটনার খবর পায় এবং দুটি জাহাজে হামলার কথা জানায়, তবে ঘটনার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।