ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ঈদগাহ কমিটি গঠন নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটি গঠনের সময় সহিংসতায় রূপ নেয়।
মাগরিবের নামাজ শেষে বিএনপি নেতা ইনসান আলী বাবুর সমর্থকরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। এতে ২২ জন আহত হন, তাদের মধ্যে কাঁচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ গুরুতর আহত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।