Web Analytics

১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিরতার কারণে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ। রোববারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রয়াদেশও হারিয়েছে কারখানাগুলো।

ক্ষয়ক্ষতি নিরূপণে বিজিএমইএ চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ চালায়। অস্থিতিশীল পরিস্থিতিতে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা নিশ্চিত অর্ডারের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বিজিএমইএ বলেছে, সময়মতো পণ্য সরবরাহ না হওয়ায় অধিকাংশ অর্ডার ঝুঁকিতে রয়েছে এবং কারখানাগুলোকে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় বা অর্ডার বাতিলের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংগঠনটির হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি, তাই জরিপের ফল প্রকৃত ক্ষতির আংশিক চিত্র। শিল্প সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।