ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে গোপনে উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে কলেজ রোডের পুরোনো কার্যালয়ের দেয়ালে অজ্ঞাত কেউ ব্যানারটি সেঁটে দেয় বলে ধারণা করা হচ্ছে। ব্যানারে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. নাজমুল হোসেন জুয়েলের নাম ছিল। সকালে দোকানদাররা ব্যানারটি দেখতে পান এবং রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরের আগে পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম নয়ন সেটি খুলে ফেলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ব্যক্তি একে চরফ্যাশনের শান্ত পরিবেশ নষ্টের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও এনসিপির যুব শক্তির সমন্বয়ক শাহাদাত খন্দকার মঞ্জু প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় কার্যালয়টি ভাঙচুরের পর থেকে এটি অব্যবহৃত ছিল এবং পরবর্তীতে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।