বহু বছর ধরে মহাকাশে ঘুরে বেড়ানো স্পেসএক্সের একটি নিষ্ক্রিয় ফ্যালকন-৯ রকেটের উপরের ধাপ ৫ আগস্ট স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে চাঁদে আঘাত হানতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, অংশটি ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার গতিতে চাঁদের দিকে এগোচ্ছে। সংঘর্ষে চাঁদের পৃষ্ঠে গর্ত তৈরি এবং মহাকাশে ধুলা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা ঘটনাটি পর্যবেক্ষণের অপেক্ষায় আছেন। যথেষ্ট শক্তিশালী টেলিস্কোপে বিরল এই দৃশ্য দেখা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষকদের ধারণা, রকেটের খোলস ভেঙে চারদিকে ছড়িয়ে পড়বে এবং প্রায় ১৮৩ কিলোমিটার পর্যন্ত ধুলার পর্দা তৈরি হতে পারে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী লরেন্স ট্র্যাফটন বলেন, ধুলার মেঘ চাঁদের কিনারা থেকে প্রায় ৫০ কিলোমিটার উঠলে ছোট টেলিস্কোপেও তা শনাক্ত করা সম্ভব হতে পারে, যদিও চাঁদের উজ্জ্বল আলো বাধা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের সূর্যালোকিত অংশে পৃথিবী থেকে কোনো মহাজাগতিক বস্তুর আঘাত রেকর্ড হওয়ার এটি প্রথম ঘটনা হতে পারে। ১৯৯৯ সালে নাসার লুনার প্রসপেক্টর পানির সন্ধানে চাঁদে আঘাত করেছিল, আর ২০০৯ সালের এক অভিযানে উড়ন্ত ধুলার মেঘে পানির বরফ শনাক্ত হয়। এই সংঘর্ষ ভবিষ্যৎ চন্দ্রানুসন্ধান ও মানব অভিযানের জন্য তথ্য দিতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।