সৌদি আরব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ অব্যাহত রেখেছে, যার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরাও দেশটির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও গবেষণাভিত্তিক শিক্ষার সমন্বয়ে সৌদি আরবের উচ্চশিক্ষা ব্যবস্থা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের সাধারণত প্রথমে আরবি ভাষা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হয়, এরপর স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া যায়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রয়োজনীয় উপকরণও বিনা মূল্যে সরবরাহ করা হয়।
আবেদনকারীর বয়স সাধারণত ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হয়, কিছু বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত অনুমোদিত। এইচএসসি বা আলিম পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ প্রয়োজন, তবে কিছু ক্ষেত্রে কম ফলাফলেও আবেদন করা যায়। আবেদন প্রক্রিয়ায় পাসপোর্ট, সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সনদসহ সব নথি আরবি অনুবাদ ও বিভিন্ন দপ্তরের সত্যায়ন করতে হয়। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাহরাম সংক্রান্ত বিশেষ শর্ত প্রযোজ্য।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মদিনা ইসলামি ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি এবং তাইবাহ ইউনিভার্সিটি। ইসলামি জ্ঞান, আরবি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনার অভিজ্ঞতা অর্জনের জন্য সৌদি আরব একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।