বাংলাদেশ সরকার আগামী অর্থবছরের বাজেটে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতে ২৫ শতাংশ ভাড়ায় ছাড়ের প্রস্তাব করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জনপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করা।
বাজেট প্রস্তাবে দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের জন্য একাধিক বড় প্রকল্পের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক অবকাঠামোকে আন্তর্জাতিক হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে চার লেনে উন্নীত করা এবং নগর পরিবহন ব্যবস্থায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন। এছাড়া দ্বিতীয় যমুনা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘমেয়াদে প্রায় তিন হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গঠন, সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার উদ্যোগও বাজেটে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।