রাজধানীর কদমতলী থানার জুরাইন নবারুন গলিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সবজি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৫০) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় মাদক কারবারি মনির ও ফিরোজের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রানু বেগম জানান, রাতে কুদ্দুস চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন, তখন কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, হত্যাকারীরা কুদ্দুসের পরিচিত ছিল এবং প্রায় এক সপ্তাহ আগে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। বাড়িওয়ালা কামাল শিকদারও জানান, মনির ও ফিরোজের সঙ্গে কুদ্দুসের আগে বিরোধ হয়েছিল।
কদমতলী থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত পূর্ব দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।