ভারতের বদ্রীনাথ ধামে অনুদান সামগ্রী আত্মসাতের অভিযোগে বদ্রীনাথ–কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) তদন্তের নির্দেশ দিয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানান, কমিটি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
‘ভৈরব সেনা’ নামে একটি সংগঠন এই অভিযোগ তোলে এবং সভাপতির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তদন্ত দাবি করে। তবে দ্বিবেদী জানান, অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত সচিব নন, বরং বিকেটিসির স্থায়ী সরকারি কর্মচারী, যিনি আগেও তিনজন সাবেক সভাপতির সহকারী হিসেবে কাজ করেছেন। বিকেটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান সিং রাঙ্গাদ জানান, মন্দির প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও তা স্পষ্ট নয়।
তিনি আরও জানান, একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ‘বদ্রীনাথ–কেদারনাথ মন্দির কমিটি আইন, ১৯৩৯’ এবং কর্মচারী আচরণবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।