যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের যৌন নিপীড়নের অভিযোগে প্রায় ১ হাজার ৩০০ জনকে ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে নিউইয়র্কের ক্যাথলিক আর্চডায়োসিস। দীর্ঘ আলোচনার ও দর-কষাকষির পর এই সমঝোতা হয়েছে। এর আওতায় প্রত্যেক ভুক্তভোগী অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন; নিপীড়নের মাত্রাভেদে কেউ কেউ আরও বেশি অর্থ পেতে পারেন।
দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এ সমঝোতার খবর প্রকাশ করে। আর্চডায়োসিসের প্রকাশিত ইমেইলে যাজকদের উদ্দেশে নিউইয়র্কের আর্চবিশপ বলেন, এর মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের কিছুটা মানসিক স্বস্তি ও পুনর্মিলনের সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, সমঝোতার ফলে আর্চডায়োসিস সুসমাচার প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো, অপরিচিতদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানে মনোযোগ দিতে পারবে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে গির্জার বিরুদ্ধে অভিযোগ করা এক হাজারের বেশি ব্যক্তির আইনজীবী জেফ অ্যান্ডারসন ভুক্তভোগীদের সর্বসম্মত সম্মতিকে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের সমঝোতার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেস আর্চডায়োসিস ৮৮ কোটি ডলারের সমঝোতা করে। চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকো আর্চডায়োসিস প্রায় ৫৩০ জনের মামলা নিষ্পত্তিতে ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।