নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার তিনি একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে নামাজের জন্য গাড়ি থামালে প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় এক ঘণ্টা অধ্যাপক মোস্তফা ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের অবরুদ্ধ রাখে।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এমন হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা। এটি দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা এবং সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।