ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় গুলশানে বিএনপির কার্যালয়ে শুরু হয়। প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আগামীকাল একই সময়ে বাকি পাঁচ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দীন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাক্ষাৎকার শুরুর আগে রিজভী বলেন, গত ১৫–১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা মূল্যায়িত হবে।
তিনি আরও জানান, সংসদে কার্যকরভাবে কথা বলার দক্ষতা, আইন প্রণয়নে অংশগ্রহণের সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে। সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।