Web Analytics

রাজধানীর খিলক্ষেতে ভাড়া দেওয়া একটি বাড়িতে রহস্যময় পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে। মন্ত্রণালয়ের ভাষ্য, ঘটনা ও এ-সংক্রান্ত সংবাদ প্রকাশে পুলিশ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

গত ১৯ অক্টোবর ভোররাতে পূর্বাচলের তিনশফুট সড়কসংলগ্ন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের ভাড়া দেওয়া বাড়িটিতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ডিবি জানায়, সেখান থেকে ২৬ জন নারীসহ ৮৫ জন নারী-পুরুষকে আটক করা হয় এবং পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ডিবির দাবি, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে ডিবি। প্রজ্ঞাপনে জহিরের কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাবিরোধী বলা হয়েছে। অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।