নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হলে ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার, ১৫ অক্টোবর হওয়ার কথা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী মাহাবুব রহমান। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে কাজল ও আতিকুলকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে পুলিশ বিস্তারিত বক্তব্য দেয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।