কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষার জন্য বিজিবি পাল্টা গুলি চালিয়েছে।
দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন, ৪৭ বিজিবির অধিনায়কের পক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭ বিজিবির জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলির ঘটনা ঘটে।
বিজিবি বলেছে, ঘটনার পর নিয়মিত টহল দল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং বাংলাদেশের সীমান্তে অবস্থানরত নাগরিকদের সুরক্ষায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি ছোড়ে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাহিনীটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।