রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন কলাবাগান এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে কোস্ট গার্ড, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাটার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত কাটার ও বাল্কহেড দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।