অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১১ জুন বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তার বার্তায় আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এটি দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে। তিনি বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।