সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ শোকবার্তায় সংগঠনটির শীর্ষ দুই নেতা এ প্রতিক্রিয়া জানান।
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় এমন হামলা গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান। নিহত বাংলাদেশিদের লাশ দেশে ফেরত বা বিদেশে ধর্মীয় মর্যাদায় দাফনের ব্যবস্থার দাবিও করেন তাঁরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।