মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে ভালো আলোচনা হয়েছে এবং তিনি আগামী পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মেহের নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার মতে, ট্রাম্প সময়ক্ষেপণ ও জ্বালানির মূল্য কমানোর উদ্দেশ্যে এমন দাবি করেছেন এবং সময় এলে তিনি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
আরাগচি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা কমাতে উদ্যোগ নিয়েছে, তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা উচিত, কারণ যুদ্ধ শুরু করেছে তারাই। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের পাল্টা হুমকির মুখে ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছেন। এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, নইলে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি দেন, কিন্তু পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসে আলোচনার দাবি করেন।
আলজাজিরা সূত্রে জানা যায়, ইরান-যুক্তরাষ্ট্র সংকটে তুরস্ক, মিসর ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।