Web Analytics

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ১১ হাজার ৪৯৫টি শূন্য চিকিৎসক পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সোমবার, ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুত নিয়োগের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় জনবলসংকট কমিয়ে জনগণের চিকিৎসাসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের অনুমোদিত মোট পদ ৪১ হাজার ৮০৬টি। বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক, ফলে ১১ হাজার ৪৯৫টি পদ পূরণ হয়নি। তিনি বলেন, জনসংখ্যার তুলনায় প্রয়োজনীয় চিকিৎসকের সংখ্যা নির্ধারণে জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য জনবলবিষয়ক মানদণ্ড বিবেচনা করা হয়। সরকারি অর্থায়নে পরিচালিত ২০২৬ সালের একটি গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুযায়ী ওই বছর দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক বিষয় নয়। ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও চলমান। ধাপে ধাপে শূন্য পদ পূরণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।