সাভারের আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন দ্রুত পাশের আরও চারটি ঝুটের গুদাম এবং একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি গুদাম ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন দেখতে পান। অল্প সময়ের মধ্যে আগুনের তীব্রতা বাড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে আগুন পাশের চারটি গুদাম ও গুদামসংলগ্ন একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। জিরাবো ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, গুদামগুলোতে বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও ঘটনাস্থলে কাজ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।