ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক আদালতের রায়ের পর ট্রাম্প প্রশাসন তার নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে নেয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এতে তাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি এবং তারা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে।
২০২৫ সালের জুলাইয়ে আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কারণ তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছিলেন। মানবাধিকার বিশেষজ্ঞ এই ইতালীয় নাগরিক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নীতির সমালোচক। তার পরিবার ওয়াশিংটন ডিসির আদালতে মামলা করে দাবি করে যে নিষেধাজ্ঞা তার মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে।
গত ১৩ মে বিচারক রিচার্ড লিয়ন আলবানিজের পক্ষে রায় দেন এবং নিষেধাজ্ঞা কার্যকর স্থগিতের আদেশ দেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আদালতের আদেশ বাতিল হলে তার নাম আবারও বিশেষভাবে মনোনীত নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।