বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে মতবিনিময় করেন। বৈঠকে বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিটিএমএ প্রতিনিধিরা জানান, এই খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং এটি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজের চাহিদা পূরণে কাঁচামাল সরবরাহ করে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান বিরোধী দল সরকারের ভালো কাজে সহযোগিতা করবে, জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ করবে এবং ভুলগুলো গঠনমূলকভাবে তুলে ধরবে। তিনি বলেন, ডা. শফিকুর রহমান শিল্প খাতের গুরুত্ব উল্লেখ করে বিটিএমএর সমস্যাগুলো শুনতে আগ্রহ প্রকাশ করেছেন এবং জাতীয় সংসদে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।
বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, সংগঠনটি ইনসেন্টিভ, গ্যাস-বিদ্যুৎ, ট্যাক্স বাধা এবং এলডিসি উত্তরণসংক্রান্ত চ্যালেঞ্জের কথা জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকার অনেক সমস্যা ইতোমধ্যে সমাধান করেছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বিরোধীদলীয় নেতা বিষয়গুলো সংসদে উত্থাপন এবং সরকারের সঙ্গে কাজ করে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।