নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
ধর্মঘটের কারণে ঢামেকে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। লাশ বাড়িতে নেওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বিপাকে পড়েন। কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানে করে লাশ নিয়ে যেতে বাধ্য হন।
বাদল মাদবর বলেন, ঢামেকের প্রায় চার হাজার রোগীর সেবায় ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। তবে রাস্তায় গাড়ি রাখলে পুলিশ মামলা দেয় ও ডাম্পিংয়ে পাঠায়। মালিকেরা পুরোনো ভবনের পাশে নিজ খরচে একটি জায়গা সংস্কার করলেও পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স সরানো হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন বলেন, সরকারি জায়গায় বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার বিধান নেই এবং তাদের হাসপাতালের বাইরে থাকতে হবে। বিষয়টি দেখতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।