সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শনিবার কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সরকার পরীক্ষায় যেকোনো অনিয়ম প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, অকেজো সিসিটিভি ক্যামেরা সচল করা, ধারণকৃত ভিডিও সংরক্ষণ, প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশি করা হবে। কেন্দ্রের প্রধান ফটকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা টাঙাতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত পরিবেশ নিশ্চিত করতে হবে।
নির্দেশনা অমান্য বা অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।