মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় কাতারএনার্জি তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ‘ফোর্স মজিউর’ বা ‘অনিবার্য পরিস্থিতি’ ঘোষণা করেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, মঙ্গলবার সংস্থাটি ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো প্রধান গ্রাহক দেশের সঙ্গে থাকা দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিগুলোর ক্ষেত্রে এ আইনি সুরক্ষা কার্যকর করেছে।
‘ফোর্স মজিউর’ হলো এমন একটি চুক্তির ধারা যা যুদ্ধ বা দুর্যোগের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোনো পক্ষকে তাদের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়। সম্প্রতি কুয়েত ও বাহরাইনের পেট্রোলিয়াম কোম্পানিগুলোও একই ধারা কার্যকর করেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।