ভারতের একটি কট্টর হিন্দু সংগঠন সরকারি অর্থে আয়োজিত এক অনুষ্ঠানে মুসলমানদের বিতাড়ন ও ধর্মান্তরের আহ্বান জানিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের গণমাধ্যম ‘দ্য কুইন্ট’-এর প্রতিবেদনে বলা হয়, সংগঠনটি ২০২৫ সালের ১৩ ও ১৪ ডিসেম্বর দিল্লিতে ‘সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব’ আয়োজন করে, যার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ৬৩ লাখ রুপি বরাদ্দ দেয়। কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সরকার জানায়, এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদ্যাপনের জন্য।
ঘটনাটি ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কংগ্রেস সংস্কৃতি মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছে, ওই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়েছে। দলটি আরও দাবি করে, সাংবাদিক গৌরী লঙ্কেশ ও পণ্ডিত এম এম কালবুর্গির হত্যাকাণ্ডের সঙ্গে সনাতন সংস্থার যোগ রয়েছে, যার তদন্ত করছে কর্ণাটক সরকার।
বিরোধী দলগুলো কেন্দ্রীয় ও দিল্লি সরকারকে জবাবদিহির মুখে ফেলেছে, কারণ সরকারি অর্থে এমন একটি অনুষ্ঠানে মুসলিমবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।