Web Analytics

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ২৬ নভেম্বর থেকে আবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। শাটডাউন চলাকালে সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানান। বুধবার দিবাগত রাতে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর রাত ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন, কিন্তু সংকট নিরসনে কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম ও ক্যাম্পাস প্রশাসনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছেন।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, সব ব্যাচের সম্মতিতে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা করা হয়েছে। উপাচার্য ইস্যুতে বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর অচলাবস্থার শুরু হয়। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও প্রায় এক মাস পর আবার শাটডাউন ঘোষণা হলো।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।