Web Analytics

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সাধারণ পাসপোর্টে এখন থেকে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করা হবে। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে এই তিন শহীদের ছবি সংযোজন করা হচ্ছে। নতুন নকশায় দেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা উপাদান যুক্ত করা হয়েছে। ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে থাকবে।

অনুমোদিত নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের ছবি থাকবে। প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির দৃশ্য যুক্ত হচ্ছে। জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ, ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ও জলছাপে স্থান পাচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ থাকবে এবং দ্রুত বাস্তবায়নের জন্য পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।