কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে সব উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। তিনি বলেন, কিশোরগঞ্জের ছয়জন সংসদ সদস্য মিলে ‘কিশোরগঞ্জ উন্নয়ন প্রজেক্ট’ নামে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন। ইতোমধ্যে প্রকল্পের পিডিও নিয়োগ দেওয়া হয়েছে এবং পাকুন্দিয়া-কটিয়াদীর প্রত্যন্ত এলাকাগুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে। শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জালাল উদ্দিন আরও জানান, তিনি জাতীয় সংসদে দুইবার পাকুন্দিয়া ও কটিয়াদীর উন্নয়ন নিয়ে বক্তব্য দিয়েছেন। ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য চারলেন সড়ক নির্মাণ, পাকুন্দিয়া-গফরগাঁও সংযোগ সেতু নির্মাণ এবং ৫০ শয্যার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার অনুরোধ করেছেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় ইউএনও রূপম দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
তিনি আশা প্রকাশ করেন, অচিরেই জনগণ পর্যায়ক্রমে এসব উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি দেখতে পাবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।