ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পিতা-মাতার অবহেলা ঠেকাতে আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। রোববার জাতীয় সংসদে বক্তব্যে তিনি পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, সন্তানদের পিতা-মাতার খেদমত করতে হবে এবং তাঁদের বার্ধক্যে ‘উফ’ শব্দটিও বলা যাবে না। জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ঘটনার নিন্দা জানান তিনি।
রুমিন ফারহানা বলেন, অনেক সন্তান বড় দালানকোঠার মালিক হয়ে বাবা-মার সম্পত্তি দখল নেয়। কোনো কোনো ক্ষেত্রে চাপ প্রয়োগ করে সম্পত্তি লিখে নেওয়ার পর বাবা-মার স্থান হয় বহুতল ভবনের এক কোণে কিংবা বৃদ্ধাশ্রমে। সন্তানদের হাতে পিতা-মাতার এমন অবহেলার চিত্রকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
আইনের কার্যকারিতা বাড়াতে তিনি চার দফা সুপারিশ দেন। অবহেলা বা নির্যাতনের ক্ষেত্রে দাতাকে পারিবারিক আদালতে এককভাবে রেজিস্ট্রি দলিল বাতিলের আবেদন করার অধিকার দেওয়ার কথা বলেন। দাতার লিখিত সম্মতি ছাড়া সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়া বা হস্তান্তর নিষিদ্ধের দাবিও জানান। জরুরি চিকিৎসা বা আর্থিক প্রয়োজনে পারিবারিক আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬০ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।