নাটোরে ভ্যানচালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। অপর আসামি মো. শওকত আলী মন্ডলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার বিকেলে নাটোর জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম, মাজেদুল মন্ডল, রানা ও লিটন ওরফে মিঠন মন্ডল। তাদের মধ্যে রানা পলাতক, তাকে গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে। আদালত রায়ে উল্লেখ করেছেন, জরিমানার একটি অংশ মামলার ব্যয়ভার হিসেবে আদালতে রাখা হবে এবং বাকি অর্থ বাদীকে প্রদান করা হবে। মামলাটি ২০১৮ সালে ১৬ বছর বয়সী ভ্যানচালক মো. প্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শেষে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।