গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে জামায়াত গণমিছিল ও সমাবেশ করেছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে শনিবার বাদ আসর গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজগেট এলাকায় সমাবেশে যোগ দেয়।
টঙ্গী পূর্ব থানার আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নুর মোহাম্মদ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া।
আফজাল হোসাইন বলেন, জুলাই আন্দোলনের দুই বছর পর জাতীয় নির্বাচনের পর মানুষ আশা করেছিল ২০২৪ সালের জুলাইয়ের মতো আর হত্যাকাণ্ড হবে না। তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হচ্ছে এবং বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি অবিলম্বে গণভোটের গণরায়, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার বাস্তবায়নের দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।