কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে ব্যবসায়িক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে গত এক বছরে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার, যা এক বছর আগে ছিল ১ লাখ ৬২ হাজার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই ব্যবহারের ফলে জনবল প্রয়োজনীয়তা কমে গেছে এবং এই প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।
বিশ্বজুড়ে ওরাকলের মোট কর্মীবাহিনীর প্রায় ১৩ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে। গত এক বছরে কর্মী ছাঁটাই, বিদায়ী ভাতা ও পুনর্গঠন কার্যক্রমে কোম্পানির ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ওরাকল সতর্ক করেছে, দক্ষ জনবলের ঘাটতি তৈরি হলে উৎপাদনশীলতা ও ভবিষ্যৎ আয়ে প্রভাব পড়তে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এআই অবকাঠামো ও ডেটা সেন্টার সম্প্রসারণে ব্যাপক বিনিয়োগের কারণে অ্যামাজন ও মেটার মতো প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।