লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ১২ জুন বিকেলে রায়পুরের হল রোড এলাকার নদীর পাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে সাগর দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় দেনায়েতপুর এলাকার নুরুল আমীন (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং স্থানীয়রা তাকে আটক করে। ঘটনার ১৭ দিন পর সাগরের শাশুড়ি রায়পুর থানায় মামলা করেন। পুলিশ অভিযানে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ধারা সংশোধনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।