মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত ভাইরাল লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি টিকা গবাদিপশুকে সুরক্ষা দিতে এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আয়োজিত এলএসডি ও গোটপক্স টিকার ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি টিকার প্রয়োজন হয় এবং এতদিন আমদানিকৃত টিকার ওপর নির্ভর করতে হতো। দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত টিকা বাজারজাত হলে খামারিদের ব্যয় কমবে, সহজলভ্যতা বাড়বে এবং প্রাণিসম্পদ খাত আরও টেকসই হবে। তিনি নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত টিকাদানের আহ্বান জানিয়ে বলেন, একটি খামারে রোগ দেখা দিলে তা দ্রুত অন্য পশুতেও ছড়িয়ে পড়তে পারে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহায়তায় ক্যাম্পেইনের আওতায় উপজেলায় গবাদিপশুর মধ্যে ২ হাজার ডোজ এলএসডি টিকা ও ১০০ ডোজ গোটপক্স টিকা প্রয়োগ শুরু হয়েছে। মন্ত্রী বিএলআরআই উদ্ভাবিত প্রায় ১৮ শতাংশ প্রোটিনসমৃদ্ধ ঘাস চাষের কথাও বলেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণে ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল ও বিপণন সহায়তার কর্মসূচিতে নারী ও যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।