গুগলের এআইনির্ভর সার্চ পুরোনো সেই ব্যবস্থাকে বদলে দিচ্ছে, যেখানে প্রকাশকেরা কনটেন্ট ইনডেক্সের সুযোগ দিতেন এবং বিনিময়ে গুগল পাঠক পাঠাত। এআই ওভারভিউ এখন ওয়েবসাইটে যাওয়ার আগেই উত্তর সারাংশ দেখায়, আর এআই মোড কথোপকথনধর্মী অনুসন্ধান, তথ্য সমন্বয় ও বিভিন্ন কাজ গুগলের প্ল্যাটফর্মে করার সুযোগ দেয়। ডেইলি সাবাহতে সালিহ কায়ার মতামতধর্মী নিবন্ধে বলা হয়েছে, এতে গুগল ওয়েবের পথপ্রদর্শক থেকে তথ্যের প্রধান গন্তব্যে পরিণত হতে পারে।
নিবন্ধে উদ্ধৃত চার্টবিটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ আগের বছরের তুলনায় সংবাদ ওয়েবসাইটে গুগল সার্চ থেকে আসা ট্রাফিক প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়; যুক্তরাষ্ট্রের প্রকাশকদের ক্ষেত্রে পতন ছিল প্রায় ৩৮ শতাংশ। স্পার্কটোরোর হিসাবে, ২০২৬ সালে গুগলের প্রায় ৬৮ শতাংশ সার্চ বাইরের ওয়েবসাইটে ক্লিক ছাড়াই শেষ হচ্ছে, যা ২০১৯ সালে ছিল ৪৯ শতাংশ। ইউসিএলের বিশ্লেষণেও যুক্তরাষ্ট্রে দুই-তৃতীয়াংশের বেশি সার্চে পাবলিক ওয়েবসাইটে ক্লিক না হওয়ার কথা উঠে এসেছে।
গুগল বলছে, ইনলাইন লিংক, ওয়েবসাইট প্রিভিউ ও প্রেফার্ড সোর্সেসের মাধ্যমে লিংক দৃশ্যমানতা বাড়ানো হচ্ছে। ৩১ আগস্ট থেকে প্রকাশকেরা এআই ওভারভিউ ও এআই মোডে কনটেন্ট ব্যবহার বন্ধ করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ট্রাফিক বা ইমপ্রেশনও পাবেন না। ইউরোপীয় কমিশন গুগলের এআই সার্চে প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।